পটুয়াখালী’র কমলাপুরের সাবেক ইউপি সচিব কনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের আবেদন

পটুয়াখালীর কমলাপুর ইউনিয়ন পরিষদের সচিব কনার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে দায়ের করা অভিযোগ শেষ পর্যন্ত প্রত্যাহার করেছেন অভিযোগকারী নিজেই। এতে শুরু থেকেই উত্থাপিত অভিযোগগুলোর ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে এবং সচিব কনার পক্ষে স্বস্তি ফিরেছে।
জেলা প্রশাসক বরাবর দেওয়া লিখিত আবেদনে অভিযোগকারী মশিউর রহমান ইসা স্বীকার করেছেন, পূর্বে দায়ের করা অভিযোগটি ছিল ভুল বোঝাবুঝির ফল। বিশেষ করে ট্রেড লাইসেন্স সংক্রান্ত যে অনিয়মের অভিযোগ আনা হয়েছিল, তা প্রকৃতপক্ষে তথ্যগত বিভ্রান্তি থেকে সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আবেদনে আরও বলা হয়, পরবর্তীতে সচিব কনার সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয় এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে সমস্যার সমাধান হয়েছে। ফলে তিনি স্বেচ্ছায় অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয়ভাবে জানা গেছে, শুরু থেকেই সচিব কনা তার বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছিলেন। অভিযোগ প্রত্যাহারের ঘটনায় সেই অবস্থানই যেন প্রমাণিত হলো বলে মনে করছেন অনেকেই।
এদিকে সচিব কনার ঘনিষ্ঠরা বলছেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে হেয়প্রতিপন্ন করতে এই অভিযোগের নাটক সাজিয়েছিল। তবে শেষ পর্যন্ত সত্য প্রকাশ পাওয়ায় সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
অভিযোগ প্রত্যাহারের আবেদনে জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানানো হয়েছে, বিষয়টি প্রত্যাহার হিসেবে গণ্য করে সচিব কনার বিরুদ্ধে চলমান যেকোনো প্রশাসনিক কার্যক্রম বন্ধ করা হোক।
সংশ্লিষ্টদের মতে, এই ঘটনায় একটি বিষয় পরিষ্কার—যাচাই-বাছাই ছাড়া অভিযোগ তুলে জনমনে বিভ্রান্তি ছড়ানো শুধু ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ করে না, প্রশাসনিক ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করে।




আপনার মন্তব্য লিখুন