বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী বহিষ্কার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলের ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নেতৃত্ব।

- বিজ্ঞাপন -

সোমবার বিকাল, সন্ধ্যায় ও মঙ্গলবার পৃথক চিঠি ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন-দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক, সুলতান শওকত এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজী ও পটুয়াখালী জেলা মহিলা দলের সদস্য হেলেনা খানম।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সন্ত্রাস, হামলা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বশির উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আহসান ফারুক ও সুলতান শওকতকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

সন্ধ্যায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গণির স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুসা ফরাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার পটুয়াখালী মহিলা দলের সভাপতি আফরোজা বেগম ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী জেলা মহিলা দলের সদস্য হেলেনা খানমকে বহিষ্কার করা হয়।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button