পুলিশের ভয়ে কানে ইয়াবা, ৯ দিন পর অস্ত্রোপচারে উদ্ধার

পুলিশের ভয়ে কানের ভেতর লুকিয়ে রাখা দুটি ইয়াবা ট্যাবলেট ৯ দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে এক যুবকের কান থেকে বের করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে পটুয়াখালীর একটি বেসরকারি ক্লিনিকে নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আসাদুজ্জামান রাজিব এই অস্ত্রোপচার সম্পন্ন করেন।
জানা যায়, নিরব ইসলাম (১৯) নামের ওই যুবক গত ২২ এপ্রিল পটুয়াখালীর একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি হন। তাঁর পরিবার জানায়, ছেলেকে সুস্থ করে তুলতেই সেখানে ভর্তি করা হয়েছিল। তবে ভর্তি হওয়ার পর থেকেই নিরব কানে তীব্র ব্যথার কথা জানাতে থাকেন। পরে মাদক নিরাময় কেন্দ্রের সহযোগিতায় তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হয়।
চিকিৎসক পরীক্ষা করে দেখেন, নিরবের কানের ভেতর দুটি ইয়াবা ট্যাবলেট আটকে আছে। এরপর প্রায় এক ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে ট্যাবলেট দুটি বের করে আনা হয়।
নিরব ইসলাম জানান, প্রায় ৯ দিন আগে ইয়াবা নিয়ে রাস্তায় হাঁটার সময় তিনি জানতে পারেন সামনে পুলিশ রয়েছে। ধরা পড়ার ভয়ে তিনি দ্রুত ট্যাবলেট দুটি কানের ভেতর ঢুকিয়ে রাখেন। পরে বাড়িতে গিয়ে নিজে তা বের করার চেষ্টা করেও ব্যর্থ হন। বিষয়টি পরিবারকে জানালে প্রথমে তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে তাঁকে ওই মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়।
মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান শিবলী বলেন, নিরবকে ভর্তি করার পর থেকেই তাঁর কানে তীব্র ব্যথা ছিল। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে কানের ভেতর ইয়াবা থাকার বিষয়টি ধরা পড়ে এবং দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।
নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান রাজিব বলেন, রোগীকে পরীক্ষা করে কানের ভেতর ট্যাবলেটের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে রোগী আশঙ্কামুক্ত। তবে এ ধরনের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এতে কানের স্থায়ী ক্ষতির আশঙ্কা থাকে।
মো. আল আমিন, স্টাফ রিপোর্টার, আমাদের পটুয়াখালী।




আপনার মন্তব্য লিখুন