কুয়াকাটায় বিএনপির বিরুদ্ধে জামায়াত জোটের কর্মীদের ওপর হামলার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির সমর্থকদের জামায়াত নেতৃত্বাধীন জোটের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধুলাস্বর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মাঝি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত ৩ কর্মীর মধ্যে ধুলাস্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক আবদুল কাইয়ুম কুতুব (৪৮) ও ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অর্থ সম্পাদক জামাল হোসেন (৩০) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ধুলাস্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. ইলিয়াস (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতদের অভিযোগ, দুপুর বারোটার দিকে খেলাফত মজলিশের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ডা. জহির উদ্দিনের সমর্থক হিসেবে নতুনপাড়া গ্রামে লিফলেট বিতরণ ও ভোট চাইতে নামেন তারা। এ সময় ধানের শীষের সমর্থক জাফর, দেলোয়ার, আনোয়ার ও আবদুল মালেক তাদের প্রচারণায় বাধা দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলার সময় তাদের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। তবে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন বিএনপি সমর্থকেরা।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, হামলা নিয়ে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




আপনার মন্তব্য লিখুন