গলাচিপায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু।

সারাদেশের মতো পটুয়াখালীর গলাচিপা উপজেলায়ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

- বিজ্ঞাপন -

প্রথম দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলার মোট ১২টি কেন্দ্রে একযোগে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ছিল ১,৯৬২ জন। উপস্থিত ছিল ১,৯২৩ জন এবং অনুপস্থিত ৩৯ জন। দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৭৯৩ জনের, উপস্থিত ছিল ৭৫৭ জন, অনুপস্থিত ৩৬ জন। এছাড়া এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ছিল ৩৬৯ জন, যার মধ্যে ৩৩৫ জন উপস্থিত এবং ৩৪ জন অনুপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি মাহমুদুল হাসান জানান, সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব কেন্দ্রে কঠোরভাবে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের তদারকিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন এবং কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নকল প্রতিরোধে পরীক্ষার্থীদের কেবল প্রবেশপত্র ও প্রয়োজনীয় উপকরণ নিয়ে কক্ষে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।

- বিজ্ঞাপন -

মাহমুদুল হাসান বলেন, ‘পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এ বিষয়ে আগেই সতর্ক করা হয়েছে।’

পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ভেতরে ও আশপাশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে। এবার গলাচিপায় প্রায় ৯৫ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে এবং এখন পর্যন্ত কাউকে বহিষ্কার করা হয়নি বলে প্রশাসন জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button