দুমকিতে পিলারের লোভ দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, শিক্ষকের আত্মহত্যা

পটুয়াখালীর দুমকি উপজেলায় ব্রিটিশ আমলের পুরনো পিলারের কথা বলে শতাধিক পরিবারের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উত্তম কুমার (উত্তম বাবু) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার জেরে এক মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যার অভিযোগও উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও উত্তম কুমার প্রতিশ্রুত অর্থ ফেরত দেননি। বরং বিভিন্ন অজুহাত দেখিয়ে তিনি এড়িয়ে যান। এতে অনেক পরিবার আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (২১ মে) আবুল কালাম আজাদ নামে এক মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত্যুর আগে তিনি একটি চিরকুটে লিখে যান যে, উত্তম বাবু ‘পিলারের লোভ’ দেখিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছেন এবং টাকা ফেরত না দিয়ে বরং আরও অর্থ দাবি করেছেন। চিরকুটে তিনি নিজের মৃত্যুর জন্য উত্তম কুমারকে দায়ী করেন।
এছাড়া একাধিক ভুক্তভোগী, নাম প্রকাশ না করার শর্তে, জানান যে এলাকায় একইভাবে শতাধিক মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়েছে এবং দীর্ঘদিনেও কোনো টাকা বা প্রতিশ্রুত সুবিধা পাওয়া যায়নি।
অভিযুক্ত উত্তম কুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আত্মহত্যার ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন, যেখানে উত্তম কুমারকে এক নম্বর আসামি করা হয়েছে। পাশাপাশি পিলারের লোভ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগেও একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন। পুলিশ ইতোমধ্যে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।



আপনার মন্তব্য লিখুন