গলাচিপায় পুত্রবধূ ধর্ষণ ও নবজাতক অপহরণ, গ্রেপ্তার শ্বশুর

 

- বিজ্ঞাপন -

পটুয়াখালীর গলাচিপায় চাঞ্চল্যকর এক ঘটনায় পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ এবং জন্ম নেওয়া নবজাতক সন্তানকে অপহরণের অভিযোগে শ্বশুর রুস্তম গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণে জড়িত আরও দুইজনকে আটক করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাজীর বাড়িতে ২০২৫ সালের ১৫ জানুয়ারি গভীর রাতে পুত্রবধূ মোসা. শারমিন বেগমকে জোরপূর্বক ধর্ষণ করেন তার শ্বশুর রুস্তম গাজী। অভিযোগে বলা হয়, ওই ঘটনার পরও একাধিকবার একই ধরনের নির্যাতনের শিকার হন তিনি। এতে করে ভুক্তভোগী গর্ভবতী হয়ে পড়েন।

পরবর্তীতে গত ২৬ মার্চ রাতে গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত নিউ লাইফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্রসন্তানের জন্ম দেন শারমিন বেগম। তবে অভিযোগ অনুযায়ী, সন্তান জন্মের পরদিন সকালে অভিযুক্তদের সহযোগীরা ক্লিনিক থেকে নবজাতক শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনাটি প্রকাশ্যে এলে ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর: জি আর ৪২/২৬)। মামলার পরপরই গলাচিপা থানার পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রুস্তম গাজীকে গ্রেপ্তার করে। একই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িত লিপি বেগমসহ আরও একজনকে আটক করা হয়।

- বিজ্ঞাপন -

পুলিশ জানায়, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহৃত নবজাতক শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি নিরাপদে রয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ডিএনএ পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এমন নৃশংস ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button