গলাচিপায় সাবেক মেম্বার তৈয়ব হাওলাদের বিরুদ্ধে ভূমিদস্যুতা ও প্রতারণার অভিযোগ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আওয়ামী লীগের সাবেক মেম্বার মোঃ তৈয়ব হাওলাদারের বিরুদ্ধে ভূমিদস্যুতা, প্রতারণা, হামলা ও হুমকির একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তার নেতৃত্বে এলাকায় নানা অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছে, যার ফলে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না।
অভিযোগ সূত্রে জানা যায়, তৈয়ব হাওলাদার একই জমি একাধিক ব্যক্তির কাছে চার থেকে পাঁচবার পর্যন্ত বন্ধক রেখে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। এতে বহু পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীরা প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। এলাকাবাসীর ভাষ্য, যারা তার সঙ্গে লেনদেন করেছেন, তারা এখন টাকা ফেরত চাইতেও ভয় পাচ্ছেন।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, বিগত সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বিরোধী মতের লোকজনের ওপর হামলা চালিয়েছেন। এমনকি পারিবারিক বিরোধেও নিজের আপন ভাইকে মামলার আসামি করা হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে তিনি রাজনৈতিক এক ব্যক্তির পরিচয় ব্যবহার করে পুনরায় এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি তিনি বিভিন্ন ব্যক্তিকে হুমকি-ধামকি দিচ্ছেন এবং অতীতে নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেওয়া ব্যক্তিদের কাছে ক্ষমা চাইতে বাধ্য করছেন। তার আপন ভাই প্রতিবাদ করায় তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া, মোবাইল অ্যাপের মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে অভিযুক্ত তৈয়ব হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।
এদিকে, ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এলাকায় শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button