পবিপ্রবির নতুন উপাচার্যকে গ্রিন ফোরামের অভিনন্দন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য (ভিসি) হিসেবে প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান নিয়োগ পাওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী ও শিক্ষাবান্ধব সংগঠন গ্রিন ফোরাম, পবিপ্রবি।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এ গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করায় তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বার্তায় আরও বলা হয়, গ্রিন ফোরাম পবিপ্রবিকে একটি ন্যায়, ইনসাফ ও শিক্ষার্থী-বান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনটি আশা প্রকাশ করে যে, নতুন উপাচার্য সকল মত ও পথের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবেন এবং সকল অংশীজনকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর নেতৃত্ব প্রদান করবেন।
গ্রিন ফোরামের নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে নতুন উপাচার্যের ইতিবাচক উদ্যোগসমূহে সংগঠনটি সর্বাত্মক সহযোগিতা করবে।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের নেতৃত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত হবে।
শেষে গ্রিন ফোরাম নতুন উপাচার্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্বপালনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে।




আপনার মন্তব্য লিখুন