বাউফল হাসপাতালের অনিয়ম নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করলেন ড. মাসুদ এমপির প্রতিনিধিদল

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান বিভিন্ন অনিয়ম, সংকট ও সেবার মানোন্নয়ন নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ এমপির প্রতিনিধিদল।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এমপির নির্দেশনায় গঠিত প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম। এ সময় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. আব্দুর রউফ এবং হেড ক্লার্ক রিয়াজ হোসেনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, জনবল সংকট, রোগীদের ভোগান্তি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং দালালচক্রমুক্ত সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। পাশাপাশি কিছু চিকিৎসকের বেসরকারি ক্লিনিক সংশ্লিষ্ট কার্যক্রম নিয়েও আলোচনা হয়। প্রতিনিধিদলের নেতা অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম বলেন, “মাননীয় সংসদ সদস্যের নির্দেশে আমরা হাসপাতাল পরিদর্শনে এসেছি। বিদ্যমান সমস্যা ও অনিয়মগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা করেছি। কীভাবে সেবার মান আরও উন্নত করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনাও দেওয়া হয়েছে। আশা করছি, অচিরেই বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান দৃশ্যমানভাবে উন্নত হবে।” তিনি আরও জানান, বিষয়টি সংসদ সদস্য গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছেন এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনারা জানেন ইতিমধ্যে ৫০ শয্যা থেকে উন্নীত করে আমাদের এমপি মহোদয় সংসদে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল করার জন্য ডিউলেটার দিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, জনবল স্বল্পতার কারণে শতভাগ সেবা প্রদান কিছুটা ব্যাহত হচ্ছে। তবে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবার মান বজায় রাখতে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি আরও জানান, আমার কোনো ডাক্তার এবং স্টাফ এর বিরুদ্ধে কোনো ধরনের লিখিত অভিযোগ পেলে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




আপনার মন্তব্য লিখুন