দশমিনা-গলাচিপায় যুবদলের কমিটি বিলুপ্ত, ৫ নেতা বহিষ্কার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে গলাচিপা ও দশমিনা উপজেলা যুবদল এবং গলাচিপা পৌর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে দুই উপজেলার পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে তিনটি কমিটি বিলুপ্ত করার পাশাপাশি বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, দশমিনা উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী খান, গলাচিপা উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মাহিন, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিন্টু এবং সদস্য মোস্তাফিজুর রহমান মঈন। তাদের সবাইকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দশমিনা উপজেলা যুবদলের সদ্য সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন।
উল্লেখ্য, এর আগে গত ১৭ জানুয়ারি দশমিনা ও গলাচিপা উপজেলা এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।




আপনার মন্তব্য লিখুন