জুলাই হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের একটি মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ।

- বিজ্ঞাপন -

রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে তার জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। সেই রুল নিষ্পত্তি করে জামিন দেওয়া হয়েছে বলে জানান আইনজীবীরা।

আ স ম ফিরোজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তিনি জামিনের বিষয়টি সাংবাদিকদের জানান।

জেড আই খান পান্না বলেন, ‘আ স ম ফিরোজ গ্রেপ্তারের পর কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি এখন কারা তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। হাইকোর্টের এই জামিন আদেশের ফলে, তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।’

- বিজ্ঞাপন -

এই আইনজীবী বলেন, ‘আশা করছি আ স ম ফিরোজ দ্রুত কারামুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে যাবেন এবং পরিবারের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন।’

জেড আই খান পান্না সাংবাদিকদের বলেন, ‘ঘটনার দিন আ স ম ফিরোজ ঢাকায় ছিলেন না। এই মামলার এজাহারেও তার নাম ছিল না। এখানে একটি মামলা বাণিজ্য হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

প্রসঙ্গত, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানায় সোহাগ মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর ২৩ আগস্ট বনানী থানাধীন একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২৪ আগস্ট তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হন সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন।

আওয়ামী লীগ নেতা আ স ম ফিরোজ ৮ বার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসন থেকে জয়ী হন তিনি।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button