গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, পাশে দাঁড়ালেন বাউফলের এমপি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, “এই হৃদয়বিদারক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। একটি পরিবারের পাঁচজন সদস্যকে এভাবে হারানো অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা শুরু থেকেই রয়েছি এবং ভবিষ্যতেও থাকবো। মানবিক সহায়তার অংশ হিসেবে নিহতদের লাশ বাউফলে নিয়ে যাওয়ার জন্য ফ্রিজিং অ্যাম্বুলেন্সসহ যাবতীয় খরচ বহন করা হয়েছে।”
নিহত কালামের ভাগ্নে মো. শাকিল (৩১) বলেন, “এমন একজন মানবিক এমপি পাওয়া আমাদের জন্য ভাগ্যের বিষয়। তিনি শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পাশে রয়েছেন। আর্থিক সহযোগিতা করেছেন, ফ্রিজিং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”
ভুক্তভোগী পরিবারের পাশে সহায়তা নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো বাউফলের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।
এর আগে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সায়মা। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া এলাকার আবদুস সালামের মেয়ে। এর আগে তাঁর স্বামী মো. কালাম মারা যান গত সোমবার সকালে। বৃহস্পতিবার সকালে তাদের ছেলে মুন্না (৭) এবং দুপুরে মেয়ে মুন্নি (১০) মারা যায়। এছাড়া বুধবার সন্ধ্যায় মারা যায় তাদের আরেক মেয়ে কথা (৭)।




আপনার মন্তব্য লিখুন