​পটুয়াখালীর গলাচিপায় শিশু শিক্ষার্থী রামিসা হত্যার দ্রুত বিচার এবং দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬ ) সকালে গলাচিপা সরকারি কলেজ মাঠের পাশে এ কর্মসূচির আয়োজন করে ‘গলাচিপা দারুল কুরআন নুরানী মাদ্রাসা’।

​মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের উপজেলা প্রতিনিধি মাওলানা মো. মাহমুদুল হাসান এবং উপজেলা ইমাম পরিষদের দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলাম।

​বক্তারা বলেন, শিশু রামিসার এই নৃশংস হত্যাকাণ্ড পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। তারা অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​‘রামিসার কী দোষ ছিল?’
​মানববন্ধনে উম্মে তাইয়েবা নামের এক শিশু শিক্ষার্থী প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি পাঠ করে। অশ্রুসিক্ত কণ্ঠে সে বলে:
​“আজ আমার বুকটা কান্নায় ফেটে যাচ্ছে। নিষ্পাপ রামিসাকে আমাদের মাঝ থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো সব শিশুর অভিভাবক, রামিসার কী দোষ ছিল? আমরা আর কোনো বোনকে এভাবে হারাতে চাই না।

অপরাধীদের এমন কঠোর শাস্তি দিন, যেন আর কেউ কোনো শিশুর দিকে হাত বাড়ানোর সাহস না পায়।”

​সমাবেশে বক্তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। সর্বস্তরের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ হয়।