পটুয়াখালীর টাউন কালিকাপুর এলাকায় পুকুরে ডুবে যাওয়া এক বান্ধবীকে বাঁচাতে গিয়ে অপর এক বান্ধবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে কালিকাপুর ৯ নং ওয়ার্ড উকিল বাড়ির সংলগ্ন পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন,মোসাঃ লামিয়া আক্তার (১০) মোসাঃ সেফা মনি (১১) পটুয়াখলী টাউন কালিকাপুর ৯ নং ওয়ার্ড, উকিল বাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেলাধুলার একপর্যায়ে দুই শিশু পুকুরের পাশে যায়। এ সময় সেফা মনি পানিতে ডুবে নিখোঁজ হলে তাকে উদ্ধার করতে পানিতে নামে লামিয়া আক্তার। পরে দুজনই পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত লামিয়া আক্তার দারুন নাজাত প্রি-ক্যাডেট নূরানী একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও সেফা মনি কালিকাপুর সালেহীয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।