পটুয়াখালীর গলাচিপায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ রেনুপোনা জব্দ করা হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার সাগরদী রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি ট্রাকভর্তি প্রায় ৫০ লক্ষ পিস গলদা ও বাগদা চিংড়ির রেনুপোনা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। এ সময় রেনুপোনা বহনে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-৪১০৯) এবং ৪০টি ড্রাম জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকালে ট্রাকের চালক, হেলপার ও সঙ্গে থাকা ৪ থেকে ৫ জন শ্রমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত রেনুপোনাগুলো পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে রেনুপোনা আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর জানিয়েছে, সামুদ্রিক ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ রেনুপোনা ধরা ও পরিবহনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।