পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনার দুই দিন পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় ২৬ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় গোলাম কিবরিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত রাত সাড়ে ১১টার দিকে এজাহারভুক্ত আসামি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, গত রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মুকিত বাদী হয়ে ২৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এজাহার পাওয়ার পরপরই আসামিদের গ্রেফতারে একটি বিশেষ টিম গঠন করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে এজাহারভুক্ত ১১ নম্বর আসামি গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত সোমবার সকালে পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষকদল ও শ্রমিক দলের ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।