পটুয়াখালীর দুমকি উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারো গাছিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার উপপরিদর্শক মো. সহিদুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে লিটনের পরিত্যক্ত মুরগির ফার্মে অভিযান চালান। এ সময় প্রধান আসামি মো. তাইন শরীফের (২১) কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার অবৈধ বাজার মূল্য প্রায় ২ হাজার ৫০০ টাকা।

আটক অপরজন মো. সিদ্দিকুর রহমান (২৮) জিজ্ঞাসাবাদে মাদক বিক্রয়ে সহযোগিতার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামিদ্বয়কে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।