পটুয়াখালী সদর উপজেলায় চাঁদাবাজির জেরে হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের বাসিন্দা মোঃ সজিব মোল্লা (২৫) অভিযোগ করেন, তিনি তার বড় ভাই ও চাচার সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে ট্রলি গাড়ির মাধ্যমে ইটের ব্যবসা করে আসছেন। গত ৭ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে প্রধান অভিযুক্ত মোঃ মন্নান ফকিরসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন তাদের বাড়িতে এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।
এরই ধারাবাহিকতায় পরদিন ৮ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৩টার দিকে পটুয়াখালী সদর থানার জামুরা এলাকায় অবস্থিত আল আমিন দাখিল মাদ্রাসার মাঠের সামনে সজিব মোল্লা ও তার বড় ভাইকে পথরোধ করে অভিযুক্তরা। এ সময় তারা পুনরায় চাঁদা দাবি করলে ভুক্তভোগীরা তা দিতে অস্বীকার করেন।
অভিযোগে বলা হয়, এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা সজিব মোল্লাকে মারধর করে এবং তার পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার বড় ভাই তাকে রক্ষা করতে গেলে তাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয় এবং তার পকেট থেকে ৫ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ মানিব্যাগ নিয়ে নেওয়া হয়।
এছাড়া, তাদের চাচা ঘটনাস্থলে এসে প্রতিরোধের চেষ্টা করলে তাকেও মারধর করা হয় এবং তার কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। হামলার সময় অভিযুক্তরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীরা চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী সজিব মোল্লা জানান, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কিছুটা বিলম্বে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বলেন, “আমাদের কাছে ঘটনার সাক্ষী ও প্রমাণ রয়েছে।
এদিকে অভিযুক্তর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।