প্রায় তিন মাস বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। গত রাতে উৎপাদনে ফিরে দ্বিতীয় ইউনিট, জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

এর আগে কয়লা সংকটের কারণে গত ১১ জানুয়ারি উৎপাদন বন্ধ করে দেয় কেন্দ্র কর্তৃপক্ষ। দীর্ঘমেয়াদি কয়লা সরবরাহ চুক্তি না থাকায় জ্বালানি সংকটে পড়ে দেশের এই বৃহৎ প্রকল্পটি।

সংশ্লিষ্টরা জানান, সাময়িকভাবে কয়লা সরবরাহ নিশ্চিত হওয়ায় আপাতত একটি ইউনিট চালু করা সম্ভব হয়েছে। পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। গ্রীষ্মের চাহিদা বিবেচনায় আগামী মে মাসের মধ্যে অন্য ইউনিটটিও চালুর পরিকল্পনা রয়েছে।

এদিকে গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রটির গুরুত্বও বেড়েছে। বড় ধরনের লোডশেডিং এড়াতে এসব বড় উৎপাদন কেন্দ্রগুলো সচল রাখা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্টদের মতে, কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে কমবে গ্যাসের ওপর চাপ, হ্রাস পাবে তেলভিত্তিক ব্যয়বহুল উৎপাদন। একাই দেশের বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করতে পারবে এই কেন্দ্র।

দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন না হওয়ায় আপাতত অস্থায়ী ব্যবস্থায় ইন্দোনেশিয়া থেকে ১২ লাখ মেট্রিক টন কয়লা আনা হচ্ছে। এতে কেন্দ্রটি সাড়ে তিন থেকে চার মাস সচল রাখা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।