আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী)
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার উদ্যোগে আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা ফটোগ্রাফারদের পুরস্কৃত করা হয়েছে। এতে পরিবেশ ও পর্যটন কর্মী এবং ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু দ্বিতীয় স্থান অর্জন করেন।
পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় কুয়াকাটা পৌর কর্তৃপক্ষের আহ্বানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের তোলা ছবি জমা দেন। বাছাই শেষে সেরা ছবি নির্বাচনের মাধ্যমে বিজয়ীদের নির্ধারণ করা হয়।
বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জাগো নিউজের কলাপাড়া উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ। তৃতীয় স্থান অধিকার করে ‘আমরা কলাপাড়াবাসী’ নামের একটি সামাজিক সংগঠন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী প্রকৌশলী মোঃ নিয়াজুর রহমান, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান সোহেল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা এ ধরনের আয়োজনকে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।