পটুয়াখালীর দুমকিতে জামায়াত নেতা শামীম আকন(৩৮)কে পিটিয়ে আহত করে অটোরিকশা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মন্টু আকন(৪৫) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

গত ২৭ মার্চ শুক্রবার বিকেলে উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা অটোস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ বিষয়ে শামীম আকন ২৯ মার্চ পটুয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানাগেছে, আসামিরা ভুক্তভোগী শামীমের কাছে পাঁচলক্ষ টাকা দাবি করলে তিনি দিতে অস্বীকার করায় তাঁকে পিটিয়ে রক্তাক্ত জখম করে তাঁর অটোরিকশাটি ছিনিয়ে নেয়। শামীম আকন লেবুখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামাতের সাংগঠনিক সম্পাদক ও মন্টু আকন একই ওয়ার্ডের বিএনপির দপ্তর সম্পাদক। অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মন্টু আকন। মন্টু আকনের ভাষ্য, তাঁরা সাত ভাই। শামীম আকন সবার ছোট। বাড়ির গাছ বিক্রির একলক্ষ পনের হাজার টাকা তাঁর কাছে জমা ছিলো। আমার ছয় নম্বর ভাই টাকা চাইলে শামীম দিতে অস্বীকার করায় হাতাহাতির ঘটনায় শামীম আহত হয়েছে। অটোরিকশাটি একটি গ্যারেজে রাখা আছে। টাকার সমাধান করলে সে তাঁর অটোরিকশা নিয়ে যাবে।

লেবুখালী ইউপির ছয় নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ বাবুল জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাটি তাদের নিতান্তই পারিবারিক কলহ। উভয় পক্ষকে ডেকে সমাধানের চেস্টা করবেন তিনি।