ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের দুই সদস্যসহ মোট তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (২৯ মার্চ) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে উপজেলার বাটাজোর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইতি (৩৫) বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। আহতরা হলেন—তার মেয়ে উপমা চক্রবর্তী (১৬), স্বামী গুরুদাস চক্রবর্তী (৬০) এবং অপর যাত্রী পবিত্র মজুমদার (৫০)।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বরগুনাগামী গ্রীনভিউ পরিবহনের বাসটি বাটাজোর বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি মহাসড়কের ডান পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। গুরুতর আহত চারজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় হেফাজতে নিয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি বা যান্ত্রিক ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হলেও, সঠিক কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।