পটুয়াখালীতে আড়ৎ থেকে শসা বিক্রির টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পলাশ হাওলাদার (৪০) নামের এক কৃষক আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা ১ লক্ষ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের
বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে শিশির হাওলাদার নামের এক কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন।

পলাশ হাওলাদারের বাড়ি গলাচিপা উপজেলার বাউরিয়া গ্রামে।

আহত পলাশ হাওলাদার বলেন, উৎপাদিত শসা পটুয়াখালী কাচামালের আড়তে পাইকারি দিয়েছি । শুক্রবার বিকালে ওই আড়ৎ থেকে টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলাম। রাতে বৌবাজার এলাকায় পৌছালে রিপন দফাদারসহ ৪/৫ জন ছিনতাইকারী আমার গতিরোধ করে সাথে থাকা শসা বিক্রির ১ লক্ষ ১৫ হাজার টাকা নিয়ে যায়। এসময় বাধা দিলে মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে। আমাকে উদ্ধার করতে গিয়ে শিশির হাওলাদার নামের একজন আহত হয়।
তিনি আরও বলেন, রিপন দফাদারকে আমি চিনতে পারছি, অন্যদের চিনতে পারিনি।রিপনের অটোতে পটুয়াখালী আড়তে শসা পাঠানো হইতো।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জিল্লুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।