পটুয়াখালীর রাঙ্গাবালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১ টার দিকে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ২টি পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে আর্থিক সহায়তাসহ ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
পরে দুপুর ২টার দিকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, তেল, শুকনো খাবার, পোশাকসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অনেক সহায়তা প্রয়োজন। এ বিষয়ে প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের এগিয়ে আসা প্রয়োজন।
উল্লেখ্য, সোমবার (২ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সামুদাফৎ এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে জানা গেছে।