পটুয়াখালী বাউফলে এক বৃদ্ধের বিরুদ্ধে এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকালে নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তের নাম লালু শাহ(৬০)।
তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ধর্ষিত শিশুটি সম্পর্কে তিনি নাতনি হন। পড়াশোনার সুবিধার্থে শিশুটি তার মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকত।
ধর্ষিত শিশুর মা অভিযোগ করেন, তার দ্বিতীয় শ্রণিতে পড়ুয়া মেয়ে ঘটনার দিন বিকেলে খেলতে বের হলে লালু শাহ কৌশলে তাকে একটি নির্জন ঘরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে বিষয়টি প্রকাশ পায়। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. শাহরিয়ার আল কাইয়ুম জানান, প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পর শিশুটির শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাকে ফরেনসিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, “এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি । তবে ঘটনাটি আমাদের জানা আছে।”