জামায়াত আমির তার পোস্টে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার প্রণয়নের উদ্যোগ ‘জনতার ইশতেহার’ (www.janatarishtehar.org)। আপনাদের স্বতঃস্ফূর্ত, বিপুল ও আন্তরিক অংশগ্রহণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।
তিনি বলেন, গত ১০ ডিসেম্বর ২০২৫ ‘জনতার ইশতেহার’-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের মানুষ যে দায়িত্ববোধ, সচেতনতা ও আগ্রহ নিয়ে মতামত দিয়েছেন, তা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এ পর্যন্ত ‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্মে আমরা ৩৭ হাজারের বেশি মতামত পেয়েছি।
জামায়াত আমির বলেন, এই মতামতগুলো এসেছে জাতীয় খাতভিত্তিক, ৩০০টি সংসদীয় আসনভিত্তিক, পেশাভিত্তিক, অঞ্চল, শহর ও জেলাভিত্তিক ক্যাটাগরি থেকে। লিখিত মতামতের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক অডিও ও ভিডিও মতামতও আমাদের কাছে এসেছে, যা মানুষের আশা-আকাঙ্ক্ষা, অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতাকে আরো জীবন্ত করে তুলে ধরেছে।