সরকারি কাজে বাধাদানের অভিযোগে বিএনপি নেতা ইমতিয়াজ রসুল পান্নুর বড় ছেলে ও বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাইমুনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার ( ২১ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনী তাকে সকালে আটক করে বাউফল থানায় হস্তান্তর করে। পরে থানায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বসিয়ে দণ্ডাদেশ প্রদান করেন।

আদালত বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় সাইমুনকে ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন দিনের কারাদণ্ড প্রদান করেন। তবে দণ্ডাদেশের পর তার মা-বাবার জিম্মায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সরকারি কাজে বাধাদানের অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বাউফল থানার (ওসি) তদন্ত আতিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।