বাউফলে জোয়ারের পানির প্রভাবে তিন দিন আগে বগা-কনকদিয়া-মদনপুরা ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে তিন ইউনিয়নের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।

এমন খবর পৌঁছে যায় জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের কাছে।

মানুষের দুর্ভোগের খবর শোনা মাত্রই তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তার দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।

এর প্রেক্ষিতে আজ ২৭ আগস্ট (বুধবার) বিকেলে রাস্তা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ সময় স্থানীয় উপস্থিত জনতা ড. শফিকুল ইসলাম মাসুদের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা আগামীতে ড. মাসুদের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নিয়মিত সড়কটি ব্যবহার করা আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলেন, প্রতিদিন এই সড়কটি ব্যবহার করে আমি স্কুলে যাই। কিন্তু গত পরশুদিন এই সড়কটি ভেঙে যায়। সড়কটি ভাঙার কারণে আমার স্কুলে যাতায়াত করতে কষ্ট হয়। আমি শারীরিকভাবে অসুস্থ। আমাকে এই সড়ক ব্যবহার করে ডাক্তার দেখাতেও যেতে হয়।

ড. শফিকুল ইসলাম মাসুদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তিনি এভাবে যেন এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে পারেন।

তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মনির হোসেন বলেন, এই রাস্তাটা ভেঙে গেছে, আমরা হেঁটেই স্কুলে যেতে পারি না। রাস্তা মেরামত করায় মাসুদ ভাইকে ধন্যবাদ।

বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের ইন্টার শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, আমাদের প্রতিদিন কলেজে যাওয়া-আসা হয়। গত দুদিন আগে এই রাস্তাটি ভেঙে যায়। যার কারণে আমাদের কলেজে যেতে কষ্ট হয়। ড. শফিকুল ইসলাম মাসুদ ভাইয়াকে ধন্যবাদ, তিনি এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করার জন্য।

রাস্তা সংস্কারের তত্ত্বাবধায়ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন আব্দুল্লাহ শিবলী বলেন, এই রাস্তাটি তিন ইউনিয়নের বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বগা, মদনপুরা এবং কনকদিয়া ইউনিয়নের লোকজন এই সড়কটি ব্যবহার করে। রাস্তাটি প্রবল জোয়ারে দুই খণ্ড হবার পরে চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। এমন খবর ড. শফিকুল ইসলাম মাসুদের কানে পৌঁছলে তার নির্দেশে আমরা রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।