সামুদ্রিক মাছ সংরক্ষণে কঠোর অভিযান, কোস্ট গার্ডের অভিযানে ৫ হাজার ৭০০ কেজি মাছ জব্দ

সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলাকালে পটুয়াখালীতে অভিযান চালিয়ে প্রায় ৩৮ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
জানা গেছে, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল ২০২৬ থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে শনিবার (৬ জুন) রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে সদর উপজেলার টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩ হাজার ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং ২ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
এ সময় বাস দুটির চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং এলাকার গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।




আপনার মন্তব্য লিখুন