জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে কলাপাড়ায় তরুণদের ব্যতিক্রমী শপথ গ্রহণ

পরিবেশ ও জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি( কয়লা,তেল,প্রাকৃতিক গ্যাস) বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় তরুণদের ব্যতিক্রমী শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ জুন) সকাল ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, আমরা কলাপাড়াবাসী, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক (JETnet-BD), প্রান্তজন এবং একশনএইড বাংলাদেশের আয়োজনে এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সংগঠক, পরিবেশকর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। শপথ গ্রহণের পরে তরুণরা একটা ব্যানারে জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে তাদের ভাবনার কথা লেখেন এবং সমর্থন জানিয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে শপথ পড়িয়েছেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য এবং কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।

- বিজ্ঞাপন -

অনুষ্ঠানে কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, সদস্য মেঝবাহউদ্দিন মান্নু, পরিবেশকর্মী মোসা: দুলালী, কবির তালুকদার, কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সাবেক সভাপতি নাজমুস সাকিব; প্রান্তজন এর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা পরিবেশ ও জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়নের পরিবর্তে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে কাজ করার শপথ গ্রহণ করেন। তারা পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য ধ্বংসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ, সবুজ ও টেকসই ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্য পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য এবং কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু বলেন,বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অন্যতম দেশ। তাই পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি ন্যায়ভিত্তিক জ্বালানি রূপান্তর নিশ্চিত করা সময়ের দাবি। এ ক্ষেত্রে তরুণ সমাজের নেতৃত্ব ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, জ্বালানি সাশ্রয়, পরিবেশ সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।শপথে অংশগ্রহনকারীরা ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর জন্য পরিবার, বন্ধু ও সমাজের মানুষকে সচেতন রাখতে ভূমিকা রাখার পাশাপাশি একটি নিরাপদ, সবুজ, বাসযোগ্য ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিজ্ঞা করেন।
##

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button