দুমকিতে র্যাবের অভিযানে গাঁজাসহ যুব আন্দোলনের নেতা আটক

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে ৮ কেজি ৪’শ গ্রাম গাঁজাসহ দুমকি উপজেলা শাখার ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মোঃ সুমন হাওলাদার কে গ্রেফতার করেছে র্যাব-৮। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চক্রের আরও এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি পটুয়াখালী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে একটি টিম জানতে পারে যে, সাকুরা পরিবহনের একটি বাসযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় বিশেষ অবস্থান নেন।
বাসটি টোলপ্লাজায় এসে পৌঁছালে র্যাব টিম সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় বাসের ভেতর থেকে মোঃ সুমন হাওলাদার (৩৩) নামের এক যাত্রীকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত সুমন দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃতঃ শাহজাহান হাওলাদারের ছেলে। পরে সুমনের
স্বীকারোক্তিতে অনুযায়ী তার সহযোগী অপর এক মাদক কারবারির তথ্য দেন। তথ্যের ভিত্তিতে র্যাব দলটি তাৎক্ষণিকভাবে দুমকি থানাধীন লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মাদক চক্রের অন্যতম সহযোগী মোঃ জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল দুমকি থানার কার্তিকপাশা এলাকার আনোয়ার মৃধার ছেলে।
অভিযান শেষে দুপুর দেড়টায় গ্রেফতারকৃত আসামিদের জব্দকৃত মাদকসহ দুমকি থানায় হস্তান্তর করে র্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় দুমকি থানায় মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫/০৬/২০২৬ খ্রি:) দায়ের শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।




আপনার মন্তব্য লিখুন