পবিপ্রবিতে শিক্ষকদের উপর হামলা উপজেলা কৃষক দল নেতা মর্তুজা বিল্লাহ গ্রেফতার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুমকি উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা বিল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তিনি মামলার ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি।
বৃহস্পতিবার রাত ১টায় দুমকী থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে মামলার ১১ নম্বর আসামি ও উপজেলা ছাত্রদল নেতা গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করল পুলিশ।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপির একটি গ্রুপ হামলা চালায়। এতে শিক্ষক ও কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হন। এই ঘটনার দুই দিন পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে দুমকি থানায় মামলা দায়ের করেন।
ওসি আরও জানান, মামলারএজাহারের পরপরই আসামিদের ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মর্তুজা বিল্লাহকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এদিকে, হামলায় জড়িত থাকার অভিযোগে গত বুধবার উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষক দল ও শ্রমিক দলের ৯ জন নেতাকর্মীকে সংগঠন থেকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে এবং মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।




আপনার মন্তব্য লিখুন