পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত জনকল্যাণমূলক কর্মসূচিগুলোর প্রচার জোরদার করার লক্ষ্যে পটুয়াখালীতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ মে) জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা অফিসের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, স্মার্ট কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ সরকারের বিভিন্ন অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়।

- বিজ্ঞাপন -

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনি ইশতেহার অনুযায়ী সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। গত ১০ মার্চ প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত ‘ফ্যামিলি কার্ড’কর্মসূচির আওতায় বর্তমানে দেশের ১৪টি এলাকার ৩৭,৫৬৭ জন উপকারভোগীকে মাসে ২,৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। পটুয়াখালী জেলাতেও এই সুবিধাভোগীদের তালিকা প্রণয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

কৃষিখাতকে আধুনিক করতে ডিজিটাল স্মার্ট কৃষক কার্ড’ চালুর বিষয়টি সভায় গুরুত্বের সাথে জানানো হয়। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি বিশেষ সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে: সুলভ মূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি।
সহজ শর্তে ঋণ এবং সরাসরি সরকারি ভর্তুকি গ্রহণ।আবহাওয়া ও বাজার দর সংক্রান্ত তাৎক্ষণিক তথ্য।এছাড়া, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধার্থে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে, যা থেকে সারা দেশের প্রায় ১২ লক্ষ কৃষক সরাসরি উপকৃত হবেন।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার প্রাথমিক ধাপ হিসেবে ‘এক কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের অংশ হিসেবে গত এপ্রিল মাস থেকে দেশব্যাপী জরিপ ও খনন কাজ শুরু হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

জেলা তথ্য অফিস পটুয়াখালী গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে পর্যন্ত ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে ১৫০টি ভিডিও প্রদর্শনী, ১০টি উঠান বৈঠক এবং ৭০টি অনলাইন প্রচার অন্তর্ভুক্ত। সভায় বক্তারা বলেন, সরকারের এই জনমুখী উদ্যোগগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম।

- বিজ্ঞাপন -

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি-র সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোঃ শাহাদাত হোসেন। পরিচালক সমাজসেবা অধিদপ্তর এস এম শাহজাদা। পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর মোঃ শহিদুল ইসলাম। পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন। এসময় সভায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button