নিষেধাজ্ঞা অমান্য করে বরফ উৎপাদন, অর্ধলাখ টাকা জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে বরফ উৎপাদন করে বাজারজাত করায় ফাহিম মিনি আইস প্লান্টের মালিক হারুন অর রশিদকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার(৮ মে) দুপুর ১২. ৩০ মিনিটের দিকে উপজেলার ধোলাইমার্কেট এলাকায় তার মালিকাধীন ফাহিম মিনি আইস প্লান্টে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ইয়াসীন সাদেক। এসময় নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মাছ সংরক্ষণে ব্যবহৃত বরফ উৎপাদন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন অমান্য করায়
মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় এ জরিমানা করা হয়েছে। চলমান নিষেধাজ্ঞা সফল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মাছ শিকারের উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারির সময় বরফ উৎপাদন, বিপণন নিষিদ্ধ থাকা সত্বেও বরফ কল মালিকরা অবৈধ উপায়ে বরফ তৈরী ও সরবরাহ করে যাচ্ছে।




আপনার মন্তব্য লিখুন