রাঙ্গাবালীতে চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দোকান চুরির অভিযোগ তুলে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন ও এক শিশুর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গাছে বাঁধা অবস্থায় শিশুদের একটি ছবি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গত রোববার উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ কলাগাছিয়া চরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রাপ্ত ছবিতে দেখা যায়, রশি দিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দুই শিশু কান্নায় ভেঙে পড়েছে। তাদের মধ্যে জিহাদ (৫) অঝোরে কাঁদছিল। বড় ভাই শামিম (৭)-এর মাথার একাংশের চুল কাটা অবস্থায় দেখা যায়, যা ঘটনাটিকে আরও হৃদয়বিদারক করে তোলে।
অভিযোগ অনুযায়ী, রোববার দুপুরে কলাগাছিয়া চরে তোফায়েল দালালের দোকানে চুরির অভিযোগ তোলেন দোকানের কর্মচারী আল আমিন। পরে ওই অভিযোগে শিশু দুটিকে গাছে বেঁধে রাখা হয় এবং বড় ভাইয়ের চুল কেটে দেওয়া হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করেন।
নির্যাতিত শিশুদের মা লাইলি বেগম বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে সন্তানদের গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান। তাঁকে দেখেই তারা কান্নায় ভেঙে পড়ে। এ সময় অভিযুক্ত ব্যক্তি চুরির অভিযোগ তুলে শাস্তি দেওয়ার কথা জানান।
শিশুদের বাবা স্বপন দালাল অভিযোগ করেন, চুরির অপবাদ দিয়ে তাঁর দুই সন্তানকে মারধর করে গাছে বেঁধে রাখা হয়েছে। পাশাপাশি একজনের মাথার চুল কেটে দেওয়া হয়েছে, যা তাঁর ভাষায় ‘চরম অমানবিক’।
তবে অভিযোগের কিছু অংশ অস্বীকার করেছেন দোকান মালিক তোফায়েল দালাল। তিনি বলেন, শিশু দু’টি আগের দিনও দোকানে চুরি করেছে বলে স্থানীয়দের কাছ থেকে শুনেছেন। তাঁর কর্মচারী তাদের গাছে বেঁধে রাখলেও মারধর বা চুল কেটে দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই।
এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াছ হোসেন মুন্সি বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button