গলাচিপায় ঝুলন্ত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় রাস্তার ওপর ছিঁড়ে ঝুলে থাকা পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তারে স্পৃষ্ট হয়ে মো. আসাদ উজ্জামান (৪৪) নামে এক ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে গলাচিপা শহর-বদনাতলী সড়কের বৌ-বাজার এলাকার পশ্চিম রতনদি তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও সহকর্মী সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থল চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে যাচ্ছিলেন আসাদ উজ্জামান ও তার সহকর্মী মো. আবদুল জলিল রেজা (৪৫)। পথিমধ্যে রতনদি তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে সড়কের ওপর ঝুলে থাকা একটি ছেঁড়া বিদ্যুতের তার তার বুকে স্পর্শ করে। এতে তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আসাদ উজ্জামান গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের বাসিন্দা ফজলুর রহমান মৃধার ছেলে। তিনি চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
সহকর্মী আবদুল জলিল রেজা জানান, “রাস্তার ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারটি আসাদের বুকে লাগে। সঙ্গে সঙ্গে শর্ট সার্কিট হয়ে সে গুরুতর আহত হয়।”
এ বিষয়ে পল্লী বিদ্যুতের গলাচিপা জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তোফায়েল আহমেদ বলেন, “নারিকেল গাছের ডাল পড়ে তারটি ছিঁড়ে যায়। ওই অবস্থায় যাওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।”
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবুল কাশেম জানান, ঘটনাটি সম্পর্কে প্রাথমিকভাবে অবগত হয়েছেন এবং বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুতের তার ঝুলে থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button