ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে ইরানকে আহ্বান জানিয়েছে দেশটির সবচেয়ে বড় তেল ক্রেতা চীন। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ওই আলোচনায় তিনি এই আহ্বান জানান।

- বিজ্ঞাপন -

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা যেমন সম্মান ও সুরক্ষিত থাকা প্রয়োজন, তেমনি এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি বেশ জটিল অবস্থায় রয়েছে এবং সংঘাত ও শান্তির মাঝামাঝি এই পর্যায় থেকে উত্তরণের পথ হতে পারে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা।

ওয়াং ই আরও বলেন, যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনায় ফেরার প্রচেষ্টাকে চীন সমর্থন করে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই তথ্য জানানো হলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বানের জবাবে কী বলেছেন, তা প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরান সীমিতভাবে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি করতে পারে, যেখানে চীন দেশটির সবচেয়ে বড় ক্রেতা—ইরানের মোট তেলের প্রায় ৮০ শতাংশই আমদানি করে থাকে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button