কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো ৩০ কেজি ওজনের অলিভ রিডলি মা কচ্ছপ

আবুল হোসেন রাজু কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো প্রায় ৩০ কেজি ওজনের একটি অলিভ রিডলি প্রজাতির সামুদ্রিক মৃত্যু মা কচ্ছপ। একের পর এক সামুদ্রিক প্রাণীর মৃত্যু উপকূলীয় পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
রবিবার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে লেম্বুর বন ফিশ মার্কেট সংলগ্ন এলাকায় জোয়ারের পানির সঙ্গে কচ্ছপটি ভেসে আসে। বন বিভাগের কর্মীরা প্রথমে কচ্ছপটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের অবহিত করেন।
খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমে। পরিবেশ সচেতন মহল বলছে, এ ধরনের ঘটনা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত। দূষণ, অবৈধ জাল ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এ ধরনের মৃত্যুর পেছনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উপকূল পরিবেশ রক্ষার আন্দোলনের উপরা-যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন,বারবার এভাবে সামুদ্রিক প্রাণীর মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। উপকূলীয় পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
কুয়াকাটা ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল মিয়া জানান,ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কচ্ছপটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নজরদারি জোরদার করা হবে।
পরিবেশবিদরা মনে করছেন, সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
পরে ডলফিন রক্ষা কমিটি,বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উপরা সদস্যরা যৌথভাবে মৃত কচ্ছপকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেন।




আপনার মন্তব্য লিখুন