দেশে আরও ১২৮টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে: দুর্যোগমন্ত্রী

রোববার (০৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম দিনে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী মন্ত্রণালয়ের এসব উন্নয়ন চিত্র তুলে ধরেন।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, দুর্যোগের ঝুঁকি কমাতে মন্ত্রণালয় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ৯০টি নতুন বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া সারাদেশে বিদ্যমান ১১৫টি দুর্যোগ আশ্রয়কেন্দ্রের পাশাপাশি আরও ১২২টি কেন্দ্র নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
আশ্রয়কেন্দ্রে মানুষের যাতায়াত সহজ করতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ওপরও জোর দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, দেশজুড়ে ইতিমধ্যে ১২ হাজার ২৪৫টি সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়েছে এবং নতুন করে আরও ২ হাজার ৩৬টি নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ৬ হাজার ৭৮৮ কিলোমিটার এইচবিবি রাস্তার কাজ শেষ হয়েছে এবং আরও ১ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছে।
ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সরকার সশস্ত্র বাহিনী বিভাগ ও ফায়ার সার্ভিসকে ইতিমধ্যে বেশ কিছু ভারী যন্ত্রপাতি প্রদান করেছে। এর মধ্যে রয়েছে ১১টি এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার, ফর্কলিফ্ট এবং শক্তিশালী ডোজার। উদ্ধার অভিযানের আধুনিকায়নে ভবিষ্যতে আরও তাবু, এয়ার বোট, স্পিড বোট এবং সার্চ অ্যান্ড রেসকিউ সরঞ্জাম সংগ্রহ করে কোস্ট গার্ড, বিজিবি, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের মাঝে বিতরণ করা হবে বলেও মন্ত্রী সংসদকে অবহিত করেন।




আপনার মন্তব্য লিখুন