ভয়াবহ অগ্নিকাণ্ডে কুয়াকাটায় ৮ দোকান ছাই, সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

কুয়াকাটা পৌর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হোটেল ও গার্মেন্টসসহ পাশাপাশি থাকা অন্তত ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দোকানিদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সকালে একটি দোকানের বালিশে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন পাশের হোটেল, গার্মেন্টস ও অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টা এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ৮টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, আগুন লাগার পর আমরা কিছুই বের করতে পারিনি। সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব।
আরেক ব্যবসায়ী জানান, ঋণ করে দোকানে মালামাল তুলেছিলেন তিনি। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন। দ্রুত সরকারি সহায়তা না পেলে ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
স্থানীয় বাসিন্দা আবদুল কাদের বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
ছাত্রদল নেতা নেছার উদ্দিন হাওলাদার বলেন, দোকানগুলো পুড়ে যাওয়ায় বহু পরিবার আজ অসহায় হয়ে পড়েছে। মানবিক দায়িত্ববোধ থেকেই তাদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করবো।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে। এদিকে স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে বলে জানা গেছে।




আপনার মন্তব্য লিখুন