জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবার ওপর হামলার প্রতিবাদে বাউফলে সংবাদ সম্মেলন

জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে বাউফলে সংবাদ সম্মেলন করেছে ‘জুলাই শহিদ পরিবার’। শনিবার বিকাল ৩টায় বাউফল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের মা, বাউফলের জুলাই বিপ্লবে শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও আহত জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাউফলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. রুহুল আমিন। তিনি বলেন, “গত শুক্রবার দুপুরে পটুয়াখালী-২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম তালুকদারের অনুসারীরা শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেনের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে আহত ও সামাজিকভাবে লাঞ্ছিত করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রীকেও হামলাকারীরা হেনস্থা করে।”
তিনি আরও অভিযোগ করেন, শহিদুল আলম তালুকদারের অনুসারী তৌসিফুর রহমান রাফা, ইয়ারুল ইসলাম আকাশ, শামীম খান, মো. রাজু, মহিরুল মুন্সিসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জন সন্ত্রাসী মোশাররফ হোসেনের ওপর হামলা চালায় এবং তার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও দাবি জানানো হয়:
• জুলাই শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাসহ তাদের পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা
• একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন আয়োজনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
• নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা
সংবাদ সম্মেলনে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের মা বলেন, “মামলা করায় হামলাকারী তৌসিফুর রহমান রাফা আমাকে হুমকি দিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
উল্লেখ্য, শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা-মায়ের ওপর হামলার ঘটনায় বিএনপির ১৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে মোশাররফ হোসেন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button