৩৭ বছরের কর্মীকে ও ১৭ বছর মাঠে ময়দানে কাজ করা ব্যক্তিকে যদি বিএনপির লোক মনে হয় তাহলে আমাকে ঘোড়া মার্কায় একটি ভোট দেবেন।

কেন্দ্রীয় বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেছেন, দীর্ঘ ৩৭ বছরের কর্মীকে ও ১৭ বছর মাঠে ময়দানে কাজ করা ব্যক্তিকে যদি বিএনপির লোক মনে হয় তাহলে আমাকে ঘোড়া মার্কায় একটি ভোট দেবেন।
মঙ্গলবার রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্য এমন মন্তব্য করেন হাসান মামুন।
পটুয়াখালী-৩ আসনে বিএনপির আসন সমঝোতায় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
নুর প্রসঙ্গে হাসান মামুন বলেন, বিগত দিনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে যারা সমালোচনা করেছিল তাদের মধ্যে ভিপি নুর অন্যতম। তিনি বিএনপিকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেছিল।
হাসান মামুন বলেন, ৫ আগস্টের পর গণঅধিকার পরিষদের হাতে বিএনপির অনেক নেতাকর্মী (নির্বাচনি এলাকায়) আহত হয়েছেন। বিএনপির সমালোচনা ও বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করে নুর এখন বিএনপির দরদী সেজেছেন।
তিনি বলেন, নুর আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য রাজপথ অবরোধ করেছিলেন। এখন আবার আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান।
নির্বাচনি পথসভায় বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




আপনার মন্তব্য লিখুন