সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আজ (শুক্রবার) সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে পাঠানো হবে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস। তার শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় চিকিৎসা প্রস্তুতি সম্পন্ন করে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সেখানে বিশেষায়িত একটি হাসপাতালে তার উন্নত চিকিৎসা দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




আপনার মন্তব্য লিখুন