শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৫ দিন ছুটি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফেব্রুয়ারি মাসে টানা পাঁচ দিনের ছুটি আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সাপ্তাহিক ছুটি ও ধর্মীয় দিবস মিলিয়ে আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল–কলেজে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

- বিজ্ঞাপন -

শিক্ষা মন্ত্রণালয় ও সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এর পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি। সবশেষে ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে স্কুল–কলেজের ছুটির তালিকায় ছুটি রয়েছে। ফলে সব মিলিয়ে টানা পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে ফেব্রুয়ারির শুরুতেই মাঘী পূর্ণিমা উপলক্ষে স্কুল–কলেজে ছুটি ছিল। পাশাপাশি ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। ছুটির প্রজ্ঞাপনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ভোটারদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় ছুটি থাকবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এই ছুটির আওতায় থাকবেন।

এ ছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শিল্পাঞ্চলের শ্রমিকেরা শুক্র ও শনিবার বাদে টানা তিন দিনের ছুটি পাবেন।

- বিজ্ঞাপন -

শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরে মোট ৬৪ দিন স্কুল ছুটি রয়েছে। এর মধ্যে ৮ মার্চ থেকে পবিত্র রমজান, ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবসসহ বিভিন্ন উপলক্ষে টানা ১৯ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। দীর্ঘ এ ছুটির পর আগামী ২৯ মার্চ শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১২ দিন ছুটি থাকবে। দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর বাইরে লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা ও ফাতেহা–ই–ইয়াজ দহম উপলক্ষে এক দিনের ছুটি থাকবে।

প্রতিবারের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার–অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী ছুটি কার্যকর থাকবে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button