শহীদ সাংবাদিকের পিতার ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ সাংবাদিক মেহেদী হাসানের পিতা মোশাররফ হোসেন হাওলাদারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সর্বদলীয় জুলাই ঐক্য–এর ব্যানারে রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পটুয়াখালী শহরের ঝাউতলা সড়কে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ-সমাবেশে নেতৃত্ব দেন জুলাই ঐক্য পটুয়াখালীর আহ্বায়ক আব্দুল্লাহ আন নাহিয়ান। কর্মসূচি শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের হোসনাবাদ গুচ্ছগ্রামে জামায়াতের ইসলামীর নারী কর্মীদের হেনস্তা করেন যুবদল নেতা জামাল খানসহ কয়েকজন। এ ঘটনায় বাধা দিতে গেলে শহীদ সাংবাদিকের পিতা মোশাররফ হোসেন হাওলাদারকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। এমনকি তাঁর পরিহিত পোশাক ছিঁড়ে ফেলা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বক্তারা আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা হলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। শহীদ পিতাকে রক্তাক্ত করেও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে এলাকায় ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
উল্লেখ্য: মোশাররফ হোসেন হাওলাদারের ছেলে মেহেদী হাসান ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম-এর প্রতিবেদক ছিলেন। স্বজনদের ভাষ্য, মেহেদী শহীদ হওয়ার পর থেকে জামায়াত পরিবারটির পাশে দাঁড়ানোয় এবং সম্প্রতি একটি নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ায় বিএনপির কিছু নেতাকর্মী ক্ষুব্ধ হন। এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে বলে তাঁদের দাবি।
সমাবেশ থেকে হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।




আপনার মন্তব্য লিখুন