রাজকীয় সম্মাননায় ২৫ বছর পর বিদায় নিলেন পটুয়াখালী মুসলিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন

পটুয়াখালী শহরের মুসলিম পাড়া বাইতুল মোকাররম জামে মসজিদে দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে রাজকীয় সম্মাননায় বিদায় নিলেন মুয়াজ্জিন আইয়ুব আলী মৃর্ধা। শুক্রবার জুমার নামাজের পর এক আবেগঘন পরিবেশে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে নগদ ২ লাখ টাকা ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
২০০১ সালে আইয়ুব আলী মৃধা যখন এই মসজিদে মুয়াজ্জিন হিসেবে যোগদান করেন, তখন মসজিদের অবকাঠামো ছিল জরাজীর্ণ। সময়ের আবর্তে মসজিদটি শহরের অন্যতম পরিচিত ও উন্নত মসজিদে রূপান্তরিত হলেও আইয়ুব আলীর নিষ্ঠা ও কর্মতৎপরতা ছিল অপরিবর্তিত। নিয়মিত আজান দেওয়া থেকে শুরু করে মসজিদের পরিচ্ছন্নতা ও মুসল্লিদের সেবায় তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বেচ্ছায় এই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নেন।
বিদায়বেলায় অশ্রুসিক্ত নয়নে আইয়ুব আলী মৃর্ধা উপস্থিত মুসল্লিদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, মসজিদ কমিটির দেওয়া এই সম্মাননার অর্থ দিয়ে তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আবারও পবিত্র হজ পালনের ইচ্ছা পোষণ করেছেন। তার এই বিদায় অনুষ্ঠানে মসজিদের খতিব হাফেজ আব্দুল কাদের তার দীর্ঘদিনের একনিষ্ঠ অবদানের কথা স্মরণ করে তাকে সবসময় মসজিদের একজন পরম আপনজন হিসেবে অবিহিত করেন।
মসজিদ কমিটির সদস্য গোলাম আহাদ দুলু জানান, পটুয়াখালীর ইতিহাসে ইমাম বা মুয়াজ্জিনকে এমন জাঁকজমকপূর্ণ ও সম্মানজনক বিদায় জানানোর নজির বিরল। নগদ অর্থের পাশাপাশি তাকে জায়নামাজ, তাসবিহ, টুপি ও পোশাকসহ বিভিন্ন উপহার দেওয়া হয়েছে। মূলত সমাজে আলেম-ওলামা ও মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানজনক বিদায় জানানোর একটি সুস্থ সংস্কৃতি গড়ে তুলতেই তাদের এই বিশেষ উদ্যোগ। এই বিদায় অনুষ্ঠানটি স্থানীয় মুসল্লিদের মাঝে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।




আপনার মন্তব্য লিখুন