ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা নব্য ফ্যাসিজম: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম নির্বাচন কমিশনের ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ভোটকেন্দ্রে বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়িত হলো। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ মানে সবাইকে ফোন ঘরে রেখে যেতে হবে। সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অ্যালাউড নয়। ভোটকেন্দ্র এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তথ্য, ফুটেজ ভুক্তভোগীর কাছেও থাকবে না।”
সাদিক কায়েম আরও বলেন, “দেশের নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার কেড়ে নেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশনকে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। ভোটকেন্দ্রের নিরাপদ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা কমিশনের মূল দায়িত্ব।”
তবে নির্বাচন কমিশন ৮ ফেব্রুয়ারি নির্দেশ দিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং নির্বাচনী অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার ব্যতীত কেউ মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। এ নির্দেশনার ফলে অধিকাংশ সাংবাদিক ও ভোটগ্রহণের সময় ফোন ব্যবহারকারীরা বিপাকে পড়তে পারেন।




আপনার মন্তব্য লিখুন