বাউফলে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান, আটক ২

পটুয়াখালীর বাউফল উপজেলায় মাদকবিরোধী অভিযানে পরিচালনা করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করা হয়েছে।
বাউফল সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাউফল আর্মি ক্যাম্পের একটি টিম উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ওই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মো. রিপন খান (৩৫) ও তার স্ত্রী মোসা. মিনারা বেগম (৩৩)-কে আটক করা হয়।
সেনা সদস্যরা তল্লাশিকালে তাদের ঘর থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ২০০ গ্রাম গাঁজা, নগদ ৬০ হাজার ৩৫০ টাকা, দুটি মোবাইল ফোন, দুটি দেশীয় অস্ত্র, ভুয়া কবিরাজি চিকিৎসার কাজে ব্যবহৃত ১০ প্যাকেট সরঞ্জাম এবং গাঁজা পরিমাপের একটি ডিজিটাল ওজন মেশিন উদ্ধার করেন।
সেনাবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা বিভিন্ন কৌশলে স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে মাদক সরবরাহ করছিল।
অভিযান শেষে আটককৃত স্বামী-স্ত্রী এবং উদ্ধারকৃত সব আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button