বাউফলে জমির কাগজ থাকা সত্ত্বেও জোরপূর্বক বেদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

 

- বিজ্ঞাপন -

পটুয়াখালীর বাউফল উপজেলায় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জমি জোরপূর্বক বেদখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সেলিম হাওলাদার।

সোমবার (২৩ মার্চ) রাত আটটায় বাউফল উপজেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, ২০১৬ সালে তিনি দ্বীপাশা গ্রামের মদনপুরা ইউনিয়নে ২৫ শতাংশ জমি ক্রয় করেন, যার বৈধ দলিল তিনি সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

তিনি অভিযোগ করেন, একই গ্রামের মরহুম আবুল হাওলাদারের ছেলে সমশের হাওলাদার ও তার সহযোগীরা জোরপূর্বক তার দালিলিক সম্পত্তি দখল করে রেখেছে।

সেলিম হাওলাদার বলেন, “আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার জমি ফেরত চাই। আমাকে হয়রানি করতে প্রতিপক্ষ গাছ কাটার মিথ্যা মামলা দিয়েছিল, তবে আমি আদালত থেকে খালাস পেয়েছি।”

- বিজ্ঞাপন -

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় বাসিন্দা নিলুফা বেগম (৩৮) বলেন, “এই জমি সেলিম হাওলাদারের বলেই আমরা জানি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

এ সময় আরেক স্থানীয় বাসিন্দা মো. মাসুদ (৪৫) বলেন, “২০১৬ সালে সেলিম জমিটি কিনেছেন, এটা সত্য। জমিটি তার কাছেই থাকা উচিত।”

এ বিষয়ে অভিযুক্ত সমশের হাওলাদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button